বিকেলে শেষ হচ্ছে ডিআরএমসি-বসুন্ধরা ১৫তম জাতীয় বিজ্ঞান উৎসব

৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:১২  

মহানগরীসহ সারা দেশের সাড়ে চার শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) রবিবার শেষ হচ্ছে চার দিন ব্যাপী ১৫তম জাতীয় বিজ্ঞান উৎসব। বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি উৎসবে উপস্থাপন করা উদ্ভাবনার মধ্যে সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

চার দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজনে কোডেভার ১.০ এ প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্যাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, ইলাসটেইশন এক্সজিবিশন, পোস্টার ডিজাইনিং এক্সজিবিশন, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ প্রতিযোগিতা চলেছে তিন দিন ধরে। কলেজ মাঠের একপাশে রয়েছে বিভিন্ন স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রকল্প প্রদশনী করছেন। সেখানে কৃষি প্রধান বাংলাদেশের জন্য স্মার্ট কৃষি সেচ, বর্জ্যপাতের মতো দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ উষ্ঞায়ন কমানোর মতো উপস্থাপনা, স্মার্ট শহরের এআই প্রযুক্তির নানা আয়োজন। আয়োজনে পানিতেই কীভাবে মাছের পাশাপাশি শস্য আবাদ করা যায় তাও তুলে ধরেছেন আগামীর বিজ্ঞানীরা। তাদের উদ্ভাবনায় বাদ থাকেনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রযুক্তি নির্ভর চশমা, লেজার সিক্যুউরিটি। মহাকাশে যাওয়ার চন্দ্রযানও ছিলো মেলায়। মাঠের অপর প্রান্তের শামিয়ানার নিচে দেখা যায় তরুণ বিজ্ঞানীদের বিশ্বজয়ী উদ্ভাবনগুলো।

তরুণদের নজর কেড়েছে রোবোগেমস। চলছে আন্তর্জাতিক কোডেভার ৫.০ প্রতিযোগিতা।  প্রতিযোগিদের মধ্যে সেরা ১০টি দল দুবাইয়ে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

এ নিয়ে ডিআরএমসি-বসুন্ধরা ১৫তম জাতীয় বিজ্ঞান উৎসব কমিটির আহ্বায়ক মো. জাহেদুল হক বলেন, এবারই প্রথম আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই মেলায় সংযুক্ত করতে পেরেছি। এখান থেকে প্রায় ৬০ শতাংশ দল ন্যাশনাল লেভেলে যাবে। সেখান থেকে সেরা ১০ জন যাবে দুবাই প্রতিযোগিতায়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় ডিআরএমসি ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ‘১৫তম ডিআরএমসি বসুন্ধরা জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪’ এর উদ্বোধন করেন  ডিআরএমসি অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। সেদিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান এডিআরএমসি’র বোর্ড অব গভর্নরস এর সাবেক সভাপতি মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কার্নিভাল এর টাইটেল স্পন্সর বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. মাকসুদুর রহমান ও প্লাটিনাম স্পনসর সামিট গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ ফরিদ খান।